ভাইফোঁটায় চমক দিন, বাড়িতেই বানান শাহী স্বাদের বাদামের পায়েস!
উৎসবের আমেজে তৈরি করুন সুস্বাদু বাদামের পায়েস
নিজস্ব প্রতিবেদক: বাঙালির যেকোনো শুভ অনুষ্ঠান বা উৎসবে পায়েস এক অবিচ্ছেদ্য অংশ। সাধারণত চাল বা সেমাইয়ের পায়েস সচরাচর দেখা গেলেও, স্বাদে ও পুষ্টিগুণে অনন্য ‘বাদামের পায়েস’ হতে পারে আপনার উৎসবের মেনুর নতুন সংযোজন। নিচে এর সহজ প্রস্তুতপ্রণালী দেওয়া হলো:
প্রয়োজনীয় উপকরণ:
বাদামের পায়েস তৈরির জন্য প্রয়োজন এক লিটার দুধ, আধ কাপ চাল, ১/৪ কাপ ভেজানো বাদাম (বাটা), ১/৪ কাপ চিনি, ২-৩ চামচ কন্ডেন্সড মিল্ক, ঘি এক চামচ এবং পরিমাণমতো এলাচ গুঁড়ো। এছাড়া সাজানোর জন্য প্রয়োজন জাফরান, কাজু, পেস্তা ও কাঠবাদাম।
প্রস্তুতপ্রণালী:
প্রথমে গরম জলে বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে মিহি করে বেটে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে দুধ সামান্য জল মিশিয়ে উচ্চ তাপে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে ধুয়ে রাখা চাল ছেড়ে দিন এবং মাঝে মাঝে নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়।
চাল সেদ্ধ হয়ে এলে তাতে বেটে রাখা বাদাম মিশিয়ে দিন। দুধ ঘন হয়ে এলে এতে কন্ডেন্সড মিল্ক ও এলাচ গুঁড়ো যোগ করুন। এরপর আঁচ কমিয়ে চিনি ও জাফরান দিয়ে দিন। সবশেষে একটি ছোট প্যানে ঘি গরম করে তাতে কুচিয়ে রাখা কাজু, পেস্তা ও বাদাম হালকা করে ভেজে নিন। ভাজা বাদামগুলো পায়েসের ওপর ছড়িয়ে দিয়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বাদামের পায়েস।