KYC আপডেটের মেসেজেই সর্বনাশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা!

 

KYC আপডেটের নামে অবসরপ্রাপ্ত শিক্ষকের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ময়নাগুড়ি: কেওয়াইসি (KYC) আপডেট করার প্রলোভন দেখিয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সাইবার অপরাধীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। রবিবার ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষক হৃদয় কৃষ্ণ রায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর হৃদয়বাবু একটি ফোন কল পান। ফোনের ওপার থেকে নিজেকে ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে জানানো হয় যে, তাঁর ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা প্রয়োজন। পরের দিন অর্থাৎ ৫ অক্টোবর তাঁর হোয়াটসঅ্যাপে একটি ফাইল পাঠানো হয়। তাঁকে জানানো হয়, ব্যাংকে না গিয়েই ওই ফাইলটি পূরণ করলেই কেওয়াইসি আপডেট হয়ে যাবে।

ওই শিক্ষকের অভিযোগ, সরল বিশ্বাসে তিনি হোয়াটসঅ্যাপে আসা ফাইলটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই তাঁর মোবাইলটি হ্যাং হয়ে যায়। ফোনে নেটওয়ার্ক থাকলেও তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এরই মধ্যে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে পরপর টাকা কাটা হতে থাকে। বিষয়টি টের পেয়ে শনিবার তিনি সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় যোগাযোগ করেন এবং এটিএম পরিষেবা বন্ধ করান।

তবে তাতেও শেষরক্ষা হয়নি। অভিযোগ, এরপর তাঁর অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও টাকা কাটা শুরু হয়। এমনকি রবিবারও তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে বলে তিনি জানিয়েছেন। পরপর একাধিক অ্যাকাউন্ট থেকে টাকা খোয়ানোর ঘটনায় ওই শিক্ষক এখন দিশেহারা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *