দিঘার পর্যটন পরিকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ, ম্যানগ্রোভ ও হোমস্টে প্রকল্পে জোর
পর্যটন মানচিত্রে দিঘাকে আরও আকর্ষণীয় ও পরিবেশবান্ধব করে তুলতে রাজ্য সরকার একগুচ্ছ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। প্রশাসনিক বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, পরিবহন, পর্যটন, সেচ ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের সমন্বয়ে দিঘার পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হচ্ছে। এর মধ্যে শৌলা থেকে পেটুয়া পর্যন্ত মেরিন ড্রাইভের সম্প্রসারণ এবং অমরাবতী পার্কের আধুনিকীকরণের পাশাপাশি দীর্ঘকাল বন্ধ থাকা স্নেক পার্কটি পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যটকদের থাকার সুবিধার জন্য নতুন হোমস্টে গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোক্তাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবহন ব্যবস্থাকে সহজতর করতে পর্যটন ও পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। ট্রেন থেকে নেমে পর্যটকরা যাতে মন্দারমণি, চন্দনেশ্বর বা দিঘায় সহজে পৌঁছাতে পারেন, তা নিশ্চিত করাই এর লক্ষ্য। দূষণ কমাতে ই-বাসের চার্জিং স্টেশন ও সিএনজি স্টেশন স্থাপনের পাশাপাশি দ্রুত যোগাযোগের জন্য হেলিকপ্টার পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে। উপকূলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ঝাউ জঙ্গল ফিরিয়ে আনার পাশাপাশি ম্যানগ্রোভ অরণ্য বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া উপকূলের ভাঙন রোধে চাঁদপুর ও শঙ্করপুরে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে দুটি বড় প্রকল্প অনুমোদিত হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় দিঘায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। আগামী মার্চ মাসে রাজ্য পুলিশের ৫০ জন সদস্যকে নিয়ে একটি বিশেষ ‘ডিএমজি সেল’ গঠন করা হবে। এছাড়া কলকাতায় কর্মরত ‘অর্জুন বাহিনী’র আদলে দিঘাতেও ২৫ সদস্যের একটি এক্সটেনশন ইউনিট মোতায়েন থাকবে। মৎস্যজীবীদের সুরক্ষার জন্য ডিএসডি অফিসে একটি হাই-ফ্রিকোয়েন্সি কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। ‘সমুদ্রমালা টু’ প্রকল্পের অধীনে দিঘার ফিশিং হারবার ও মাছ ধরার খটিগুলোর আধুনিকীকরণের কাজও দ্রুত শুরু হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।