বিল্ডিংয়ের সুরক্ষায় কড়া পদক্ষেপ, এবার কমিটিতে থাকছেন বিশেষজ্ঞ!

কলকাতা পুরসভার বড় নির্মাণে নতুন নিয়ম: যাচাই হবে কাঠামোগত স্থিতিশীলতা

কলকাতা: কলকাতা পুরসভায় বড় নির্মাণ প্রকল্প অনুমোদনে এবার থেকে কঠোর নিয়ম কার্যকর হচ্ছে। ভবনের উচ্চতা অনুযায়ী তার ‘স্ট্রাকচারাল স্টেবিলিটি’ বা কাঠামোগত স্থিতিশীলতা নিশ্চিত করার পরই মিলবে ছাড়পত্র। নবান্নের অনুমোদিত এই নতুন বিধিব্যবস্থা অনুযায়ী, মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটিতে রাইটস এবং পূর্ত দপ্তরের বিশেষজ্ঞরা যুক্ত হবেন। বিশেষত বড় কমার্শিয়াল প্রকল্পের ক্ষেত্রে এই যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। তারাতলা বিপর্যয়ের পর নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ।

তবে নতুন নিয়ম কার্যকরের পাশাপাশি প্রশাসনিক মহলে কাজের তদারকি ও লোকবল নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকল্পের নকশা অনুমোদনের সময় কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা হলেও, নির্মাণকাজ চলাকালীন নিয়মিত নজরদারি বজায় রাখা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পুরসভার একাংশের মতে, পর্যাপ্ত বিশেষজ্ঞ কর্মীর অভাবে শেষ পর্যন্ত থার্ড পার্টি ভেরিফিকেশনের ওপরই নির্ভর করতে হবে। উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর এমবিসি বৈঠকের মাধ্যমে এই নতুন প্রক্রিয়ায় অনুমোদন পর্ব পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *