ভোটের আগে নদীয়ায় আড়াই লক্ষ মহিলার ভোটাধিকার হরণের চক্রান্ত, তোলপাড় রাজ্য রাজনীতি!
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত নদিয়া জেলার সংশোধিত ভোটার তালিকা থেকে ৪ লক্ষ ৬৩ হাজার ৯৫৬ জন ভোটারের নাম বাদ পড়েছে। গত ১০ বছরের পরিসংখ্যানকে ছাপিয়ে যাওয়া এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনা জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাদ পড়া ভোটারদের মধ্যে ২ লক্ষ ৪৯ হাজার ৯৭৭ জনই মহিলা, যা নিয়ে রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত এবং রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের উদ্দেশ্যমূলকভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রানাঘাট দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ ও নাকাশিপাড়ার মতো এলাকাগুলোতে এই প্রভাব বেশি বলে দাবি করেছে শাসক দল। অন্যদিকে, প্রশাসনিক সূত্রের দাবি, সেপ্টেম্বর-অক্টোবর মাসে চলা এসআইআর (SIR) প্রক্রিয়ায় কারিগরি ত্রুটি, বিবাহসূত্রে পদবি পরিবর্তন বা নথির অসংগতির কারণে এই নামগুলি বাদ পড়েছে। ভোটার তালিকার এই বিশাল পরিবর্তন নদিয়ার আসন্ন বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।