ভাইফোঁটায় বৃষ্টির পূর্বাভাস, শুক্রবার থেকে বদলাতে পারে আবহাওয়া
ভাইফোঁটার দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। উৎসবের দিনে বাইরে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
বৃষ্টির এই ধারা বুধবারও বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, শুক্রবার থেকে রাজ্যজুড়ে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষভাগে আবহাওয়া শুষ্ক হতে পারে বলে আশা করা হচ্ছে।
বৃষ্টির কারণে রাজ্যে শীতের আমেজ আপাতত উধাও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় উত্তুরে হাওয়ার গতিপথ রুদ্ধ হয়েছে। গত দুই দিনে কলকাতার তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। তবে মেঘ কেটে আকাশ পরিষ্কার হলেই তাপমাত্রা ফের কমতে শুরু করবে। শুক্রবারের পর থেকে রাজ্যে ফের শীতের আমেজ ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।