রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভাইফোঁটার দিনেও দুর্যোগের আশঙ্কা
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির প্রকোপ কিছুটা বেশি হতে পারে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার শুরু হওয়া বৃষ্টির প্রভাব বুধবার ভাইফোঁটার দিনও বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভাইফোঁটার দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। উৎসবের দিনে বাইরে বেরোনোর আগে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।