মুম্বই ইন্ডিয়ান্সে আর্শদীপ সিং! বাবার মন্তব্যে কি জল্পনায় সিলমোহর?
মুম্বই ইন্ডিয়ানসে যোগ দিচ্ছেন আর্শদীপ সিং
আইপিএলের আসন্ন আসরের আগে বড় দলবদলের সাক্ষী হতে চলেছে ক্রিকেট মহল। পাঞ্জাব কিংস ছেড়ে মুম্বই ইন্ডিয়ানসে যোগ দিচ্ছেন তারকা বাঁহাতি পেসার আর্শদীপ সিং। ক্রীড়া সাংবাদিক বিমল কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্শদীপের বাবা এই ট্রেডের বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিনের পাঞ্জাব অধ্যায় শেষে মুম্বইয়ের মতো শক্তিশালী দলে সুযোগ পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন তাঁর পরিবার। তবে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি।
২০১৯ সালে অভিষেকের পর পাঞ্জাব কিংসের হয়ে ৯৬ ম্যাচে ১১১ উইকেট নিয়েছেন আর্শদীপ। জসপ্রীত বুমরার সঙ্গে তাঁর জুটি মুম্বইয়ের বোলিং আক্রমণকে আরও ধারালো করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, এই ট্রেডের মাধ্যমে পাঞ্জাব কিংস একজন অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নেওয়ার লক্ষ্য স্থির করেছে। বর্তমানে ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে থাকা আর্শদীপের দলবদল নিয়ে চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই আসবে বলে আশা করা হচ্ছে।