ভাইফোঁটায় দুর্যোগের পূর্বাভাস, দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও ফের বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আবহাওয়া কিছুটা দুর্যোগপূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। বুধবার ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রকোপ কমে আবহাওয়া শুষ্ক হয়ে আসবে।
উত্তরবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার থেকে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্রপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবারও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তের পর থেকে উত্তরবঙ্গজুড়ে আকাশ পরিষ্কার হয়ে শুষ্ক আবহাওয়া ফিরবে বলে জানানো হয়েছে। আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।