নিউ আলিপুর থানায় শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ধুন্ধুমার, পুলিশকে মারধরের ঘটনায় ধৃত ৫
নিউ আলিপুরে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। স্বরূপ দাস ও জয় কুমার কামাথ নামে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনার জেরে ৫০-৬০ জন উত্তেজিত জনতা নিউ আলিপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই সময় পুলিশ কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।
এই ঘটনায় সাব-ইনস্পেক্টর রাহুল অধিকারী, কনস্টেবল সুমন্ত দাস, পুলিশ ড্রাইভার প্রসেনজিৎ রায় এবং সিভিক ভলান্টিয়ার শুভাশিস দত্ত গুরুতর আহত হন। তাঁদের বাঙ্গুর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শ্লীলতাহানি ও পুলিশকে মারধরের ঘটনায় নিউ আলিপুর থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আইনজীবী সৌরভ মল্লিক সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে জয় কুমার কামাথকে পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, আইনজীবী সৌরভ মল্লিকের জামিন মঞ্জুর করেছে আদালত। এদিকে, সৌরভ মল্লিকের গ্রেপ্তারির প্রতিবাদে সরব হয়েছেন আলিপুর আদালতের আইনজীবীরা। তাঁরা অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবি তোলার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন।