বিন্নাগুড়ি সেনা ছাউনিতে আহত হাতি, চিকিৎসার উদ্যোগ বন দফতরের
ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতরে রেতি জঙ্গলের একাংশে একটি পূর্ণবয়স্ক হাতিকে আহত অবস্থায় দেখতে পান জওয়ানরা। হাতিটির একটি পায়ে গভীর ক্ষত রয়েছে বলে নজরে আসে তাঁদের। বিষয়টি দ্রুত বন দফতরকে জানানো হলে জলপাইগুড়ি জেলা বনাধিকারিক দ্বীজপ্রতিম সেন, সহকারী জেলা বন আধিকারিক রাজীব দে এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হেমাদ্রী দেবনাথের নেতৃত্বে বনকর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
আহত হাতিটির চিকিৎসার জন্য বন দফতরের তরফে একটি বিশেষ দল গঠন করা হয়। এই দলে ছিলেন দুজন পশু চিকিৎসক এবং প্রশিক্ষিত ট্যাঙ্কুলাইজার কর্মীরা। সেনা জওয়ানদের সহযোগিতায় এবং জেসিবি মেশিনের সাহায্যে হাতিটিকে নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ট্যাঙ্কুলাইজারের মাধ্যমে সেটিকে অচেতন করে পায়ের ক্ষত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা।
হাতিটির পায়ে কীভাবে এমন গভীর ক্ষত তৈরি হলো, তা এখনও স্পষ্ট নয়। ট্রেনের ধাক্কা নাকি ধারালো ব্লেড ফেন্সিংয়ের তারে জড়িয়ে এই আঘাত, তা খতিয়ে দেখছে বন দফতর। চিকিৎসার পরেও হাতিটির শারীরিক অবস্থা ও গতিবিধির ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। সেনা ছাউনির ভেতরে হাতিটির উপস্থিতি ঘিরে এলাকায় সতর্কতা জারি রয়েছে এবং তাকে সুস্থ করে তোলাই এখন বন দফতরের প্রধান লক্ষ্য।