ভাইফোঁটায় বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা
ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গের নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হতে পারে।
কলকাতার আকাশও বুধবার মেঘলা থাকবে। মঙ্গলবার থেকেই শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে এবং বুধবারও সেই ধারা বজায় থাকতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রায় সামান্য হেরফের হতে পারে, যার ফলে ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে রাজ্যে শীতের আমেজ পুরোপুরিভাবে আসার সম্ভাবনা কম।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বৃষ্টি হলেও ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আবহাওয়া বজায় থাকলেও বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে।