এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা: জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, জারি একাধিক শর্ত

এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষ সিবিআই আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে তিনি বিল্ডিংয়ের একতলায় পৌঁছালেও শারীরিক অসুস্থতার কারণে দোতলায় এজলাসে উঠতে পারেননি। তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী পার্থ চট্টোপাধ্যায়ের পায়ের সমস্যার কথা জানিয়ে আদালতে মেডিকেল রিপোর্ট জমা দেন। সেই রিপোর্ট গ্রহণ করে ভার্চুয়ালি আদালতের একতলা থেকেই শুনানিতে অংশ নেন প্রাক্তন মন্ত্রী।

মামলার শুনানি শেষে আদালত পার্থ চট্টোপাধ্যায়কে সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে। তবে জামিন পেলেও তাঁকে বেশ কিছু কঠোর শর্ত মেনে চলতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, চিকিৎসা সংক্রান্ত জরুরি কারণ ছাড়া তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে কোথাও যেতে পারবেন না। এছাড়া তাঁকে নিজের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারক স্পষ্ট জানিয়েছেন, চার্জ গঠনের সময় পার্থ চট্টোপাধ্যায়কে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি, জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে যে, তিনি একই ধরনের কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন না এবং কোনো সাক্ষীকে ভয় দেখাতে পারবেন না। আদালতের এই নির্দেশনার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *