রাসমনি ঘাটে ছটপুজোয় কড়া বিধিনিষেধ আদালতের, জমায়েতে সীমা বেঁধে দিল ডিভিশন বেঞ্চ
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ রাসমনি ঘাটে ছটপুজো আয়োজনের বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, এবছর শেষবারের মতো এই ঘাটে পুজোর অনুমতি দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে রাজ্য প্রশাসনকে অবশ্যই অন্য কোনো উপযুক্ত স্থানে এই পুজোর বিকল্প ব্যবস্থা করতে হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, পুজো চলাকালীন ঘাটে একসঙ্গে সাড়ে তিন হাজারের বেশি মানুষের জমায়েত করা যাবে না। নির্দিষ্ট গণনার মাধ্যমে এই সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে এবং সীমা অতিক্রম করলেই পুলিশকে প্রবেশ বন্ধ করতে হবে। আগামী শনিবার দুপুর থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত এই পুজোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঘাটে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও মেটাল ডিটেক্টর বসানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বাজি ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পুজো কমিটির ছয় জন সদস্যের নাম আদালতে নথিভুক্ত করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা বা সম্পত্তির ক্ষতি হলে এই ব্যক্তিরাই ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। শুনানির সময় রাসমনি প্রপার্টির সেবায়েতরা জানান, মাত্র পাঁচ ফুটের একটি প্রবেশপথ থাকায় এই ঘাটে হাজার হাজার মানুষের চাপ সামলানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, হাতে সময় কম থাকায় এবারের মতো পরিস্থিতি সামলে নেওয়া হবে। সব দিক বিবেচনা করেই আদালত এই কঠোর শর্ত আরোপ করেছে।