ট্রাম্পের সিদ্ধান্তে তোলপাড়, পাকিস্তানের অর্থনীতিতে বড় চমক!
দীর্ঘ সাত বছরের কঠোর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিজেদের অবস্থানে বড় পরিবর্তন আনল পাকিস্তান। স্টেট ব্যাংক অফ পাকিস্তান নিয়ন্ত্রিতভাবে ক্রিপ্টো সংস্থাগুলোকে মূলধারার ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশের অনুমতি দিয়েছে। নতুন এই কাঠামো অনুযায়ী, এখন থেকে ক্রিপ্টো সংস্থাগুলো আনুষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবে। তবে ব্যাংকগুলোকে সরাসরি ক্রিপ্টো কেনাবেচা বা কোনো ধরনের বিনিয়োগ করার অনুমতি দেওয়া হয়নি। কেন্দ্রীয় ব্যাংক একে মূলত ‘নিয়ন্ত্রিত অন্তর্ভুক্তি’ হিসেবে অভিহিত করেছে।
পাকিস্তানের এই নীতিগত সিদ্ধান্তের পেছনে গভীর আর্থিক সংকট, বাণিজ্য ঘাটতি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মতো অভ্যন্তরীণ কারণগুলো ভূমিকা রেখেছে। প্রথাগত ব্যাংকিং লেনদেনের উচ্চ খরচ ও দীর্ঘসূত্রতা এড়াতে দেশটি এখন ক্রস-বর্ডার লেনদেনে স্টেবলকয়েনকে একটি দ্রুত বিকল্প হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ক্রিপ্টো-বান্ধব নীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক ক্রিপ্টো উদ্যোগগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধিকেও এই পরিবর্তনের অন্যতম অনুঘটক হিসেবে দেখা হচ্ছে। দেশটির আশা, এই পদক্ষেপ বৈদেশিক মুদ্রার প্রবাহ সহজতর করবে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ মোকাবিলায় সহায়তা করবে। বর্তমানে পাকিস্তানে দেড় থেকে চার কোটি ক্রিপ্টো ব্যবহারকারী রয়েছেন।