নতুন রঙে সেজে উঠছে নবান্ন, শুরু হচ্ছে কোটি টাকার সংস্কার
প্রশাসনিক সূত্রে খবর, নবান্নের বর্তমান নীল-সাদা রঙের প্রলেপ বদলে নতুন রঙে সাজানোর পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। খুব শীঘ্রই এই ভবনের বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপ বদলের কাজ শুরু হবে। নতুন রঙের ক্ষেত্রে হলুদ, সাদা এবং ঘিয়ে রঙের একটি মিশ্রণ ব্যবহার করা হবে, যা গেরুয়া রঙের আভার কাছাকাছি বলে জানা গেছে। এর আগে নবান্নের প্রধান ফলকে গেরুয়া রঙের ব্যবহার নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তৈরি হয়েছিল।
শুধুমাত্র রঙের প্রলেপ নয়, নবান্নের সামগ্রিক সংস্কারের জন্য ইতিমধ্যেই দরপত্র ডাকার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের আওতায় নবান্নের পাশাপাশি সংলগ্ন ‘উপান্ন’ ভবনেরও সংস্কার করা হবে। সরকারি ভবনগুলিকে আরও আধুনিক ও পরিপাটি করে তোলার লক্ষ্যে এই মেরামতির কাজে কোটি কোটি টাকা বরাদ্দ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
নবান্নের সংস্কারের খবরের মাঝে মহাকরণে সরকারের ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হলেও, প্রশাসনিক আধিকারিকরা তা খারিজ করে দিয়েছেন। তাঁদের মতে, হেরিটেজ ভবন মহাকরণে মন্ত্রিসভার বৈঠক বা বড় সরকারি কর্মসূচি আয়োজনের মতো আধুনিক পরিকাঠামো এখনও অনুপস্থিত। তাই আপাতত নবান্নকেই রাজ্যের ক্ষমতার মূল কেন্দ্র হিসেবে রেখে সৌন্দর্যায়ন ও সংস্কারের কাজকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।