ভুল অ্যাকাউন্টে UPI টাকা পাঠিয়েছেন? ফেরত পাওয়ার উপায় জেনে নিন!
ডিজিটাল লেনদেনের যুগে ভুল অ্যাকাউন্টে UPI পেমেন্ট চলে গেলে সঠিক প্রক্রিয়ায় তা পুনরুদ্ধার করা সম্ভব। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভুল লেনদেনের পর দ্রুত পদক্ষেপ নিলে ৭০ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে লেনদেনের ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করলে সফল হওয়ার হার সবচেয়ে বেশি থাকে।
ভুল লেনদেন নজরে আসার সঙ্গে সঙ্গে পেমেন্টের স্ক্রিনশট, ট্রানজ্যাকশন আইডি ও সময় উল্লেখ করে তথ্য সংরক্ষণ করতে হবে। শুরুতে প্রাপককে টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানাতে হবে, কাজ না হলে দ্রুত নিজ ব্যাঙ্ককে বিষয়টি অবহিত করতে হবে। পরবর্তী ধাপে এনপিসিআই (NPCI)-এর পোর্টালে ‘ভুল ট্রান্সফার’ অপশনে অভিযোগ জানাতে হবে এবং ৩০ দিনের মধ্যে সুরাহা না হলে রিজার্ভ ব্যাঙ্কের ওমবাডসম্যানের দ্বারস্থ হতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পেমেন্টের আগে প্রাপকের নাম ও ডিজিটাল ঠিকানা যাচাই করা এবং বড় অঙ্কের টাকা লেনদেনের আগে পরীক্ষামূলকভাবে ১ টাকা পাঠিয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।