দক্ষিণের ৫ রাজ্যের আসন বাড়বে কি! অমিত শাহর বড় ঘোষণা!
লোকসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণ নিয়ে চলমান রাজনৈতিক জল্পনা ও বিভ্রান্তি দূর করতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংসদের বিশেষ অধিবেশনে তিনি স্পষ্ট করেছেন যে, সীমানা পুনর্নির্ধারণের ফলে দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কমার কোনো আশঙ্কা নেই। বরং এই প্রক্রিয়ায় দক্ষিণের পাঁচটি রাজ্যের লোকসভা আসন সংখ্যা বর্তমানের ১২৯টি থেকে বেড়ে ১৯৫টিতে পৌঁছাবে বলে জানিয়েছেন তিনি। জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্য নির্বাচনী প্রতিনিধিত্ব নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অমিত শাহের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, নতুন বিন্যাসে কর্ণাটকে ২৮ থেকে ৪২, অন্ধ্রপ্রদেশে ২৫ থেকে ৩৮, তেলেঙ্গানায় ১৭ থেকে ২৬, তামিলনাড়ুতে ৪৯ থেকে ৫৯ এবং কেরালায় আসন সংখ্যা ২০ থেকে বেড়ে ৩০টি হবে। এর ফলে লোকসভায় ওই অঞ্চলের সামগ্রিক প্রতিনিধিত্ব ২৩.৭৬ শতাংশ থেকে বেড়ে ২৩.৯৭ শতাংশে দাঁড়াবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও আশ্বস্ত করেছেন যে, সীমানা নির্ধারণ কমিশন আইনে কোনো মৌলিক পরিবর্তন আনা হয়নি এবং এই নতুন কাঠামোর ফলে প্রতিটি রাজ্যের ভোটারদের গুরুত্ব সমানভাবে বজায় থাকবে।