ইস্টবেঙ্গল ম্যাচে রাহুলকে বিশেষ শ্রদ্ধা, গ্যালারিতে অমর অরুণোদয়!

ইস্টবেঙ্গল ম্যাচে প্রয়াত অভিনেতা রাহুলকে বিশেষ শ্রদ্ধা জানালেন সমর্থকরা

তালসারিতে শুটিং চলাকালীন অকালপ্রয়াত অভিনেতা ও ইস্টবেঙ্গলের একনিষ্ঠ সমর্থক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মরণে আবেগঘন পরিবেশ তৈরি হলো যুবভারতী ক্রীড়াঙ্গনে। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের ম্যাচে প্রিয় ক্লাবের এই অনুরাগী অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানালেন সমর্থকরা। মৃত্যুর কয়েক মুহূর্ত আগেও নিজের পডকাস্ট ‘সহজ কথা’-য় তিনি প্রিয় ক্লাবের ভবিষ্যৎ ও উন্নতির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন। ৪৩ বছর বয়সী এই অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ফুটবলপ্রেমী মহলে।

রাহুলের প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে ইস্টবেঙ্গল ভক্তরা একটি বিশেষ টিফো প্রদর্শন করেন। সেখানে লেখা ছিল, ‘গ্যালারির আকাশে এক বিষণ্ণ সূর্যোদয়, লাল-হলুদ হৃদয়ে অমর অরুণোদয়।’ এর আগে অভিনেতার শেষযাত্রাতেও তাঁর নিথর দেহের পাশে ক্লাবের পতাকা রাখা হয়েছিল। মাঠে নিয়মিত উপস্থিত থাকা এবং দলের ট্রফিখরা কাটানোর স্বপ্ন দেখা এই অভিনেতা ছিলেন আজীবন লাল-হলুদ শিবিরের অনুরাগী। ক্লাবের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *