মেরামতির কাজের জন্য রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জারি বিশেষ ট্রাফিক নির্দেশিকা
যাত্রীদের নিরাপত্তা ও সেতুর রক্ষণাবেক্ষণের কথা মাথায় রেখে রবিবার দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির উদ্যোগে সেতুর স্টে, হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলানোর জরুরি কাজ করা হবে। এই কাজের জন্য রবিবার নির্দিষ্ট সময়সীমার জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, এজেসি বোস রোড থেকে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে অ্যাট গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে। একইভাবে কেপি রোড থেকে আসা গাড়িগুলিকেও ১১ ফার্লং গেট হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে।
খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে আসা পূর্বমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁ-দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া ঘোড়া পাসের কাছে ওয়াই-পয়েন্টের র্যাম্প দিয়ে সেতুতে ওঠার পথটিও বন্ধ থাকবে। ওই গাড়িগুলিকে কেপি রোড ও রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রবিবার জরুরি প্রয়োজনে হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতকারী যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বেরোনোর অনুরোধ করেছে পুলিশ। যানজট এড়াতে এবং ভোগান্তি কমাতে চালকদের পুলিশের নির্ধারিত বিকল্প পথ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।