নদীয়ার ভোটার তালিকা থেকে উধাও ৪.৬ লক্ষ নাম, নেপথ্যে কি লক্ষ্মীর ভাণ্ডার?
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদীয়া জেলার ভোটার তালিকা থেকে ৪ লক্ষ ৬৩ হাজার ৯৫৬ জনের নাম বাদ পড়ায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তথ্য অনুযায়ী, বাদ পড়া ভোটারদের মধ্যে ২ লক্ষ ৪৯ হাজার ৯৭৭ জন মহিলা এবং ২ লক্ষ ১৪ হাজার জন পুরুষ। গত এক দশকে জেলায় জনসংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভোটার সংখ্যা ২০১৬ সালের স্তরে নেমে আসায় নাগরিক ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে রানাঘাট ও কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে এই বিপুল ভোটার হ্রাসের ফলে নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।
নির্বাচন কমিশনের প্রশাসনিক সূত্র জানিয়েছে, ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার মাধ্যমে তথ্য যাচাইয়ের সময় ‘আনম্যাপড’ ও ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র মতো কারিগরি জটিলতার কারণে নামগুলি বাদ পড়েছে। মূলত বিয়ের পর পদবি পরিবর্তন বা নথিপত্রে তথ্যের অমিলের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এটি নিছক যান্ত্রিক ত্রুটি নয় বরং রাজনৈতিক চক্রান্তের অংশ, যার মাধ্যমে বিশেষ করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধাভোগী নারীদের নিশানায় করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাদ পড়া ভোটারদের তালিকা সংশোধনের দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো।