বায়োপসি করলেই কি ছড়ায় ক্যানসার? চিকিৎসকের চাঞ্চল্যকর উত্তর!
ক্যান্সার নিয়ে জনমনে থাকা ভুল ধারণা ভাঙলেন বিশিষ্ট অঙ্কো সার্জেন ডা. গৌতম মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বায়োপসি করলে শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ে—এই ধারণাটি সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। ক্যান্সার নির্ণয় ও সঠিক চিকিৎসা পরিকল্পনা প্রণয়নের জন্য বায়োপসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য পরীক্ষা। আধুনিক পদ্ধতিতে ল্যাবে নমুনা সংগ্রহের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হয়, ফলে ক্যান্সার কোষ পার্শ্ববর্তী স্থানে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না।
চিকিৎসকদের মতে, টিউমারের ধরন ও প্রকৃতি শনাক্ত করতে বায়োপসির মাধ্যমে শরীরের আক্রান্ত অংশ থেকে কোষের নমুনা সংগ্রহ করা হয়। এটি টিউমারটি ক্যান্সার কি না এবং ক্যান্সারের ধরন কী, তা নিশ্চিত করতে সাহায্য করে। বায়োপসি না করলে টিউমারের সঠিক প্রকৃতি জানা অসম্ভব, যা ভুল চিকিৎসার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই ভ্রান্ত ধারণা বা কুসংস্কারের বশবর্তী হয়ে রোগ নির্ণয়ে দেরি করলে রোগীর জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।