অসম্ভবকে জয় করে ইতিহাস গড়লেন শুভম!
শারীরিক অসুস্থতাকে তুচ্ছ করে সিবিএসসি (CBSE) বোর্ড পরীক্ষায় ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ইছাপুরের ইস্ট পয়েন্ট স্কুলের ছাত্র শুভম দাস। পশ্চিমবঙ্গের নিরিখে সে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে। পরীক্ষার মাত্র ছয় মাস আগে পাইলোনিডাল সাইনাস অপারেশনের ধকল কাটিয়ে এই সাফল্য পেয়েছে সে। অস্ত্রোপচারের পর শারীরিক সীমাবদ্ধতা ও একটানা বসে থাকার অসুবিধা সত্ত্বেও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সে এই ঈর্ষণীয় ফলাফল করেছে।
দীর্ঘদিন পেইনকিলার ও অ্যান্টিবায়োটিক সেবনের পাশাপাশি পরীক্ষার হলে তিন ঘণ্টা ধরে বসে থাকা শুভমের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে শিক্ষকের বিশেষ অনুমতিতে মাঝে দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার সুবিধায় সে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। এই কঠিন সময়ে বাবা-মায়ের নিবিড় যত্ন ও একাডেমিক নির্দেশনা তাকে লক্ষ্য পূরণে সহায়তা করেছে। পড়াশোনার বাইরে বেহালাবাদন ও সার্কিট তৈরিতে দক্ষ শুভমের এই সাফল্য প্রতিকূলতা জয় করার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।