গুজরাটে ভয়াবহ বন্যা, ঘরছাড়া ৩৮ হাজার মানুষ!

টানা তিন দিনের মুষলধারে বৃষ্টিতে গুজরাটের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ এই বন্যায় রাজ্যের বহু গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও ভারতীয় সেনা উদ্ধারকাজ চালাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৩৮,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৩৫২ জনকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার কারণে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাপি জেলায় একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের কিছু এলাকায় ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে ভালসাদ, নভসারি, সুরাট, আহমেদাবাদ ও খেডা। আহমেদাবাদের প্রধান সড়ক ও ডজনখানেক আন্ডারপাস জলমগ্ন হয়ে পড়ায় তা বন্ধ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল উচ্চপর্যায়ের বৈঠক করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন। আবহাওয়া দপ্তর মহিসাগর, পঞ্চমহল ও দাহোদ জেলায় ‘রেড অ্যালার্ট’ এবং আরও দশটি জেলায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *