ছত্তিশগড়ে মর্মান্তিক বয়লার বিস্ফোরণ, বেদান্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে বড় পদক্ষেপ!

ছত্তিশগড়ে বয়লার বিস্ফোরণে মৃত বেড়ে ২০, বেদান্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ছত্তিশগড়ের শক্তি জেলায় বেদান্ত গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবারের এই দুর্ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক হতাহত হওয়ার ঘটনায় কারখানায় গুরুতর গাফিলতির প্রমাণ মেলায় বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়াল, সংস্থার ম্যানেজার দেবেন্দ্র প্যাটেলসহ ৮ থেকে ১০ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছত্তিশগড় পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬, ২৮৯ এবং ৩-এর ৫ ধারায় এই মামলা রুজু করা হয়েছে।

পুলিশ ও ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী, কারখানায় যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে চরম অবহেলা এবং মানহীন যন্ত্রপাতি ব্যবহারের তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতার বয়লারে ৫৯০ মেগাওয়াট উৎপাদনের অতিরিক্ত চাপ দেওয়া হয়েছিল। এই অতিরিক্ত চাপের কারণেই উচ্চচাপের বাষ্প বহনকারী পাইপ ফেটে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্তে অতিরিক্ত এসপি পঙ্কজ প্যাটেলের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে এবং বিলাসপুর ডিভিশনাল কমিশনার ও জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক দুটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। সরকারের তরফ থেকে নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *