ত্রিপুরায় বিজেপির ভরাডুবি, তিপ্রা মোথার কি জয়জয়কার!
ত্রিপুরার উপজাতি রাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রেখে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছে প্রদ্যোত দেববর্মার নেতৃত্বাধীন তিপ্রা মোথা পার্টি। কাউন্সিলের মোট ২৮টি আসনের মধ্যে ২৪টিতেই জয়ী হয়ে দলটি রাজ্যের প্রায় ৭০ শতাংশ ভৌগোলিক এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। বিপরীতে, শাসক দল বিজেপি বড় ধরনের হোঁচট খেয়ে মাত্র ৪টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, বাম এবং কংগ্রেস জোট গতবারের ধারাবাহিকতায় এবারও কোনো আসন জিততে ব্যর্থ হয়ে শূন্য হাতেই মাঠ ছেড়েছে।
২০২০ সালে গঠিত তিপ্রা মোথা টানা দ্বিতীয়বারের মতো এই কাউন্সিলের ক্ষমতায় এল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলটির ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি উপজাতি জনগোষ্ঠীর জনগণের এই বিপুল সমর্থনই এবারের ফলাফলে প্রতিফলিত হয়েছে। এবারের নির্বাচনে ৮৩.৫০ শতাংশ ভোট পড়েছিল, যা উপজাতি অধ্যুষিত এলাকায় প্রদ্যোত দেববর্মার জনপ্রিয়তাকেই প্রমাণ করে। রাজ্য সরকারে বিজেপি ও তিপ্রা মোথা জোটসঙ্গী হলেও, স্থানীয় এই নির্বাচনে তারা একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করেছে। এই ফলাফল আগামী বিধানসভা নির্বাচনে উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে তিপ্রা মোথার দর কষাকষির ক্ষমতা আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।