সবংয়ে হুঙ্কার অভিষেকের, ৪ মে তারিখেই হবে অত্যাচারের বদলা!
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে আয়োজিত নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি হরিজনপল্লিতে বিজেপির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এক মহিলা ও তাঁর শিশুর ওপর হামলার ঘটনার কড়া সমালোচনা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদার হলেও তিনি নিজে অতটা উদার নন। আগামী ৪ মে ভোটের ফল ঘোষণার পর প্রতিটি ঘটনার কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
সবংয়ের সাথী ঘড়ুই কুইলা নামে এক মহিলার ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের নাম তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন অভিষেক। তিনি জানান, ৪ মে-র পর ওই অভিযুক্তদের শিশু ও মহিলার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি, বিজেপি প্রার্থী অমল পণ্ডাকে নিশানা করে অভিষেক দাবি করেন, স্বার্থ চরিতার্থ করতে একদল লোক জার্সি পাল্টে এলাকায় অশান্তি ছড়াচ্ছে। অন্যদিকে, তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও প্রচারের স্বার্থে তৈরি ‘সাজানো নাটক ও ভুয়ো ভিডিও’ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি।