ভোটের মুখে নেতাদের বাড়িতে আয়কর হানা, কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে সরব মমতা!
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ কলকাতার রাসবিহারীর বিদায়ী বিধায়ক ও প্রার্থী দেবাশিস কুমারসহ একাধিক তৃণমূল নেতার বাড়ি ও কার্যালয়ে আয়কর দফতরের ম্যারাথন তল্লাশিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তজনা ছড়িয়েছে। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীদের প্রচার থেকে বিরত রাখতেই পরিকল্পিতভাবে এই ‘নজরবন্দি’ করার কৌশল নেওয়া হয়েছে। এদিন ভবানীপুরের প্রার্থীর প্রস্তাবক মিরাজ শাহ এবং কালীঘাটের আরও এক তৃণমূল নেতার বাড়িতেও তল্লাশি চালানো হয়।
দমদমের জনসভা থেকে তৃণমূল নেত্রী অভিযোগ করেন যে, বিজেপির সরাসরি রাজনৈতিক লড়াইয়ের ক্ষমতা না থাকায় তারা কেন্দ্রীয় সংস্থাগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থাগুলোকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অঙ্গুলিহেলনে কাজ না করে নিরপেক্ষভাবে দেশের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। দলীয় কর্মীদের ভয় না পেয়ে আইনি পথে এই পরিস্থিতির মোকাবিলা করার বার্তা দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে এই তল্লাশি অভিযান একদিকে যেমন তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলার সুযোগ করে দিচ্ছে, তেমনি প্রচারের ক্ষেত্রেও দলটিকে কৌশলগত অসুবিধার মুখে ফেলেছে।