বন্ধ হতে চলেছে হামাস ও হিজবুল্লাহর অর্থসাহায্য! ইরানের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের বড় দাবি
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দীর্ঘদিনের মিত্র সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহকে সমর্থন ও অর্থায়ন বন্ধ করতে ইরান রাজি হয়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকার সঙ্গে সব বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে তেহরান আগ্রহী বলে দাবি করেন তিনি। এই সমঝোতা প্রক্রিয়ার অংশ হিসেবেই চলতি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি শান্তি বৈঠক অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রবল কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে তেহরান তাদের অবস্থানে এই পরিবর্তন আনছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের পক্ষ থেকে নমনীয়তার ইঙ্গিত পাওয়া গেলেও, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান এখনই পুরোপুরি থামছে না। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর প্রায় ৯০ শতাংশ রকেট ও মিসাইল ভাণ্ডার ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে সশস্ত্র গোষ্ঠীটিকে পুরোপুরি নির্মূল করতে অভিযান অব্যাহত থাকবে। এদিকে, লেবানন ও ইসরায়েল সীমান্তে সাময়িক যুদ্ধবিরতি চললেও হিজবুল্লাহ সতর্কবার্তা দিয়েছে যে, তাদের লক্ষ্য এখনও স্থির রয়েছে, যা ওই অঞ্চলে এখনো উত্তেজনা ও অনিশ্চয়তা বজায় রেখেছে।