ভোটের পর অশান্তি রুখতে রাজপথে মমতা, ধর্মতলায় শুরু মেগা ধর্না!
বিধানসভা নির্বাচনে বিপর্যয় এবং দলীয় স্তরে তীব্র অন্তর্কলহের আবহে মঙ্গলবার কলকাতার ধর্মতলার ওয়াই (Y) চ্যানেলে ধর্না কর্মসূচি পালন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বিধায়কদের ধারাবাহিক অনুপস্থিতি ও একের পর এক বহিষ্কারের জেরে এই মুহূর্তে চরম সংকটে থাকা তৃণমূলের অস্তিত্ব রক্ষার লক্ষ্যেই এই মেগা কর্মসূচির আয়োজন করা হয়। ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর চক্রান্ত ও নির্বাচনী ফলাফলে কারচুপির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক জটিলতার পর শর্তসাপেক্ষে দুই ঘণ্টার এই কর্মসূচি পালন করেন তিনি।
গত ১৯ মে কালীঘাটের বৈঠকে বিধায়কদের উপস্থিতির সংখ্যা ৬৫ থেকে কমে ৩১ মে মাত্র ২০ জনে এসে ঠেকেছে, যা দলে গভীর ভাঙন আতঙ্কের ইঙ্গিত দিচ্ছে। দলের অন্দরের এই সংকটের মোকাবিলায় প্রবীণ ও বিশ্বস্ত নেতাদের পাশে নিয়ে এই আন্দোলনে নেমেছেন তৃণমূলনেত্রী। এদিকে, বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতে, দল পরিচালনার বিষয়টি বর্তমানে একটি কর্পোরেট সংস্থার নিয়ন্ত্রণে চলে গেছে। দলীয় সূত্রে খবর, প্রায় ৫০ জন বিক্ষুব্ধ বিধায়ক যেকোনো সময় দল ছাড়তে পারেন, যা রুখতে নিয়মিত জরুরি বৈঠক করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।