রবীনা ট্যান্ডনের বাড়িতেই বড়সড় চুরি, গ্রেপ্তার সেই বিশ্বস্ত পরিচারিকা!

বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডনের মা ও ভাইয়ের লকার থেকে লক্ষাধিক টাকার গয়না ও দামি ঘড়ি চুরির ঘটনায় অভিযুক্ত পরিচারিকাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। অভিযুক্ত ৪৭ বছর বয়সী রাশি ছাবারিয়া ২০২০ সাল থেকে রবীনা ট্যান্ডনের মা বীনা ট্যান্ডনের দেখাশোনার দায়িত্বে নিযুক্ত ছিলেন। দীর্ঘদিনের বিশ্বস্ততার সুযোগ নিয়ে তিনি গত ২ অক্টোবর রবীনার মায়ের সিন্দুক ভেঙে সোনার চুড়ি, নেকলেস, হিরের গহনা ও নগদ পঁচিশ লক্ষ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া রবীনার ভাই ও প্রযোজক রাজীব ট্যান্ডনের দামি ঘড়িও চুরির ঘটনায় যুক্ত ছিল।

ঘটনার পর রাজীব ট্যান্ডন জুহু থানায় এফআইআর দায়ের করলে গত ২১ মে পুলিশ রাশি ছাবারিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত চুরির কথা স্বীকার করেছেন। পুলিশ ইতিমধ্যে চুরি হওয়া দুটি ঘড়ি উদ্ধার করতে সক্ষম হলেও সোনা ও হিরের গয়নাগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। রাশি জানিয়েছেন, গয়নাগুলো তিনি ‘জগদীশ’ নামের এক ব্যক্তির কাছে রেখেছেন। বর্তমানে সেই সহযোগীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং এই ঘটনার পেছনে কোনো বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *