ভারতে বিদেশিদের ইমিগ্রেশন নিয়মে বড় বদল, ১৮০ দিনের আগেই সারুন রেজিস্ট্রেশন!
ভারতে দীর্ঘমেয়াদি অবস্থানের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের জন্য ইমিগ্রেশন ও নিবন্ধন সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর সংশোধিত বিধি অনুযায়ী, বিদেশিদের রেজিস্ট্রেশনের সময়সীমা ও প্রক্রিয়া পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে, ভারতে জন্মগ্রহণকারী বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রে নিবন্ধনের শর্তাবলীতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
নতুন বিধি অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদী ভিসা নিয়ে ভারতে অবস্থানকারী কোনো বিদেশি নাগরিক যদি নির্ধারিত সময়ের বেশি থাকতে চান, তবে তাকে এখন থেকে ১৮০ দিন শেষ হওয়ার আগেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পূর্বে ১৮০ দিন পূর্ণ হওয়ার পর অতিরিক্ত ১৪ দিন পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকলেও, নতুন নিয়মে তা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরি বা বিশেষ পরিস্থিতিতেই সময়সীমার পর নিবন্ধনের অনুমোদন মিলবে।
অন্যদিকে, ভারতে জন্মগ্রহণকারী শিশুদের ক্ষেত্রে নিয়মে কিছুটা স্বস্তি আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বাবা-মায়ের মধ্যে অন্তত একজন যদি ভারতীয় নাগরিক হন এবং তারা সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তবে জন্মের ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন অফিসারকে জানানোর বাধ্যবাধকতা আর থাকছে না। পাশাপাশি, হাসপাতাল ও চিকিৎসা পরিষেবা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশি নাগরিকদের রিপোর্টিং প্রক্রিয়ায় প্রশাসনিক সংশোধন আনা হয়েছে।