ইন্দ্রনীল সেনের ‘সিন্ডিকেট রাজ’ ফাঁস! স্বজনপোষণ ও কাটমানির অভিযোগে বিস্ফোরক ঋদ্ধি ও দোলা

পশ্চিমবঙ্গের প্রাক্তন পর্যটন মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে টলিউড ও সঙ্গীত জগতে দুর্নীতির পাশাপাশি ‘সিন্ডিকেট রাজ’ চালানোর বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও দোলা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিগত জমানায় সরকারি অনুষ্ঠানে পারফর্ম করার বিনিময়ে শিল্পীদের কাছ থেকে ‘কাটমানি’ বা টাকা ফেরত নেওয়ার মতো ঘটনা ঘটত। একইসঙ্গে যোগ্য শিল্পীদের বঞ্চিত করে প্রভাব খাটিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সুবিধা পাইয়ে দেওয়া এবং মুখ খুললে শিল্পীদের ১২ থেকে ১৮ বছর পর্যন্ত ব্যান বা বয়কট করার অভিযোগও আনা হয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে ঋদ্ধি ও দোলা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ১২ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির বিশদ তথ্য সম্বলিত একটি ডসিয়ার জমা দিয়েছেন। সেখানে অভিযোগ করা হয়েছে, সরকারি বিভিন্ন আকাদেমির টেন্ডার ও পরিকাঠামোর চুক্তি বেআইনিভাবে ইন্দ্রনীল সেনের ভাইয়ের মালিকানাধীন সংস্থাগুলিতে পাইয়ে দেওয়া হয়েছে। তবে সমস্ত অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ইন্দ্রনীল সেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর সম্মানহানির চেষ্টা চলছে এবং কোনো অভিযোগের প্রমাণ মিললে তিনি যেকোনো শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত।