বিনা নোটিশে উচ্ছেদ, যাদবপুরের রাতের অন্ধকারে গর্জে উঠল বাম প্রতিরোধ!
যাদবপুর রেল স্টেশন চত্বরে গভীর রাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে আচমকাই রেলের বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান চালানোর পরিকল্পনা করা হলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বাম নেতৃত্বের তৎপরতা এবং আন্দোলনকারী হকারদের জোরালো প্রতিরোধের মুখে পড়ে আপাতত এই উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত রাখতে বাধ্য হয় রেল প্রশাসন। আন্দোলনকারীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনোভাবেই ব্যবসায়ীদের উচ্ছেদ করা যাবে না।
প্রতিবাদের মুখে পড়ে রেল ও পুলিশ প্রশাসন প্রাথমিকভাবে আগামী তিন সপ্তাহ যাদবপুরে কোনো উচ্ছেদ অভিযান না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বাম নেতা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে আন্দোলনকারীরা জানান, ১৯৮৮ সালের আইনি রায় অনুযায়ী বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যবসায়ীদের সরানো আইনত গ্রহণযোগ্য নয়। আগামী তিন সপ্তাহের মধ্যে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার আইনি সমাধানের চেষ্টা করা হবে। উল্লেখ্য, হাওড়া ও শিয়ালদহ স্টেশনের পর স্টেশন চত্বর বেআইনি দখলদার মুক্ত করতে রেল কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে, যা নিয়ে স্থানীয় স্তরে ধারাবাহিক টানাপোড়েন অব্যাহত রয়েছে।