CBSE-তে বড় রদবদল, নতুন ছন্দে বোর্ড!

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর অন-স্ক্রিন মার্কিং (OSM) ব্যবস্থার ত্রুটি নিয়ে দেশজুড়ে চলা তীব্র বিতর্কের মধ্যেই বড় ধরনের প্রশাসনিক রদবদল করল কেন্দ্রীয় সরকার। বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে লোখান্ডে প্রশান্ত সীতারামকে এবং নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বরুণ ভরদ্বাজ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির নির্দেশে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে বোর্ডের আগের চেয়ারম্যান রাহুল সিং এবং সেক্রেটারি হিমাংশু গুপ্তাকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

উত্তরপত্রের স্ক্যান কপিতে গরমিল, নম্বর যাচাইয়ে প্রযুক্তিগত ত্রুটি এবং মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্রমাগত ক্ষোভের পরিপ্রেক্ষিতেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। ওএসএম ব্যবস্থা ও টেন্ডার প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য এস রাধা চৌহানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, পরীক্ষার্থীদের সুবিধার্থে বোর্ড ইতিমধ্যে যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করেছে। নতুন চেয়ারম্যান লোখান্ডে প্রশান্ত সীতারাম এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে এবং সেক্রেটারি বরুণ ভরদ্বাজ শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরে ডিরেক্টর পদে কর্মরত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *