দুর্গাপুরে শিল্প নাশকতার বলি কর্মসংস্থান, পথে বসে অসহায় হাজারো শ্রমিক!
দুর্গাপুরের শিল্পাঞ্চলে প্রশাসনিক জটিলতা এবং সরকারি সহায়তার অভাবের কারণে স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নর্থ দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সেমিনারে ব্যবসায়ীদের অভিযোগ, পূর্ববর্তী সরকারের শিল্পনীতির ত্রুটি ও সিন্ডিকেট দৌরাত্ম্যের জেরে বাধ্য হয়ে বহু শিল্পপতি তাঁদের ব্যবসা ভিন রাজ্যে স্থানান্তর করেছেন। এর ফলে রাজ্যের কর্মসংস্থান প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন।
এদিনের সেমিনারে শিল্পপতি পার্থ ঘোষ জানান, দুর্গাপুরে কারখানা সম্প্রসারণের জন্য আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থার (এডিডিএ) কাছে জমি চেয়েও অসহযোগিতার শিকার হয়েছেন তিনি। দীর্ঘ সময় ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারে দৌড়ঝাঁপ করেও সমাধান না পাওয়ায় শেষপর্যন্ত তিনি গুজরাটে কারখানা স্থাপন করেন, যেখানে বর্তমানে ৯০০ জনের কর্মসংস্থান হয়েছে। একইসঙ্গে শিল্পপতি মনোজ সরাফ এই অঞ্চলে শিল্পায়নের গতি ফেরাতে আসানসোল-দুর্গাপুরকে স্পেশাল ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা এবং পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন। সেমিনারে উপস্থিত জনপ্রতিনিধিরা সিন্ডিকেট রাজ বন্ধ ও বিনিয়োগকারীদের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।