বিদেশি মুদ্রাভাণ্ডার বাঁচাতে সোনা বেচল আরবিআই, ব্লুমবার্গের রিপোর্টে উদ্বেগ!

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও বিদেশি মুদ্রাভাণ্ডারের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) তাদের সঞ্চিত স্বর্ণভাণ্ডারের একটি বিশাল অংশ বিক্রি করেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদন অনুযায়ী, গত ২২ মে শেষ হওয়া দুই সপ্তাহের ব্যবধানে প্রায় ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার মূল্যের সোনা বিক্রি করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি। তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ব্লুমবার্গের তথ্যানুযায়ী, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ হ্রাসের ফলে দেশের আমদানি খরচ ও আর্থিক চাপের মুখে পড়েছে ভারতের অর্থনীতি। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার রেকর্ড পতনের এই পরিস্থিতিতে মুদ্রার মান ও বিদেশি মুদ্রাভাণ্ডার অটুট রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আগামী এক বছর সোনা কেনা এবং বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এই ঘটনা ১৯৯১ সালের আর্থিক মন্দার স্মৃতি ফিরিয়ে আনলেও, বর্তমানে দেশের আর্থিক পরিস্থিতির উপর তৈরি হওয়া প্রচণ্ড চাপের বিষয়টিই এই ঘটনায় ফুটে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *