মধ্যরাতের লড়াইয়ে জয়ী হকাররা, যাদবপুরে রুখে দেওয়া গেল বুলডোজার!

যাদবপুর রেল স্টেশন চত্বরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। উচ্ছেদ প্রক্রিয়া আটকাতে ঘটনাস্থলে জড়ো হন বিপুল সংখ্যক বাম কর্মী-সমর্থক। সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে দীর্ঘক্ষণ অবস্থান-বিক্ষোভ ও আইনি যুক্তির মুখে শেষপর্যন্ত পিছু হটতে বাধ্য হয় রেল প্রশাসন এবং পুলিশ। বুলডোজার সরিয়ে নেওয়ায় আপাতত কয়েকশো হকার উচ্ছেদের আতঙ্ক থেকে রেহাই পেয়েছেন।
মঙ্গলবার রাতে বুলডোজার নিয়ে পুলিশ ও রেলের তৎপরতা শুরু হলে হকারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাম নেতৃত্ব পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে সরব হন। আইনজীবী শামিম আহমেদ ও সৃজন ভট্টাচার্য ১৯৮৮ সালের একটি আইনি রায়ের কথা উল্লেখ করে জানান, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে কাউকে সরানো আইনত সিদ্ধ নয়। দীর্ঘ টানাপোড়েনের পর প্রশাসন আপাতত তিন সপ্তাহের জন্য উচ্ছেদ অভিযান স্থগিত রাখতে রাজি হয় এবং এই সময়ের মধ্যে রেল কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।