অবৈধ বাংলাদেশিদের দেশ ছাড়ার আল্টিমেটাম দিলেন অমিত শাহ!
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, তারা যেন স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফিরে যান। তিনি আরও জানান, কেউ নিজ ইচ্ছায় ফিরে যেতে চাইলে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে না, বরং সব ধরনের সহায়তা প্রদান করবে। তবে এই সুযোগ গ্রহণ না করলে পরবর্তীতে শনাক্তকরণ অভিযান চালিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন।
রাজ্যের সীমান্ত সুরক্ষা ব্যবস্থার উন্নতি প্রসঙ্গে অমিত শাহ জানান, ক্ষমতায় আসার পর সরকার দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। এর অংশ হিসেবে মাত্র সাত দিনের মধ্যে বিএসএফ-এর হাতে ৬০০ হেক্টর জমি হস্তান্তর করা হয়েছে, যা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজকে ত্বরান্বিত করবে। এছাড়া, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডোরের ১২১ হেক্টর জমিও সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। নতুন সরকারের এই উদ্যোগগুলোর ফলে ভবিষ্যতে অবৈধ অনুপ্রবেশের হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।