নবান্নে কড়া হচ্ছে হাজিরা, তিন দিন দেরি করলেই কাটা যাবে ছুটি!
রাজ্যের সরকারি দফতরগুলোতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে নবান্নসহ সমস্ত সরকারি অফিসে আধুনিক ‘ফেস রেকগনিশন বায়োমেট্রিক’ হাজিরা ব্যবস্থা চালু করছে প্রশাসন। আগামী ১৫ জুন থেকে ধাপে ধাপে কার্যকর হতে যাওয়া এই নিয়ম আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত সরকারি অফিসে বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, কর্মীদের সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টার মধ্যে অফিসে প্রবেশ করতে হবে; ১১টার পরে প্রবেশ করলে ওই দিন তাদের ‘অনুপস্থিত’ গণ্য করা হবে। একইভাবে, বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ত্যাগ করা যাবে না। মাসে তিন দিন দেরিতে আসা বা সময়ের আগে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর একটি নৈমিত্তিক ছুটি (সিএল) কেটে নেওয়া হবে। এছাড়া অফিস থেকে বের হওয়ার সময় বায়োমেট্রিক পাঞ্চ করতে ভুলে গেলেও দিনটি অনুপস্থিতি হিসেবে ধরা হবে।
পশ্চিমবঙ্গ সার্ভিস রুলস মেনে কিছু ক্ষেত্রে অবশ্য ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। রুল ২৯(এ) অনুযায়ী বাসস্থান বা সদর দফতর থেকে ৮ কিলোমিটারের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ ছাড় বহাল থাকবে। এছাড়া কোনো গুরুত্বপূর্ণ বৈঠক বা জরুরি অফিশিয়াল কাজের প্রয়োজনে দপ্তরের প্রধান অনুমতি দিলে দেরিতে প্রবেশ বা জলদি প্রস্থানের সুযোগ পাওয়া যাবে। তবে এই নিয়মের ব্যতিক্রম বা অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মী বা আধিকারিকের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনা এবং সাধারণ মানুষকে সময়মতো পরিষেবা নিশ্চিত করাই এই ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর মূল উদ্দেশ্য।