তৃণমূলের দাপুটে নেতা এখন খাটের তলায়! কাটমানি কাণ্ডে গণপিটুনি জনতার
আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি এলাকা। বুধবার ১৩১ নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য বিউটি বিবির স্বামী শহিদুল মিঞার বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র জনরোষ তৈরি হয়। পরিস্থিতির চাপে পড়ে প্রাণ বাঁচাতে অভিযুক্ত নেতা নিজের বাড়ির খাটের নিচে আশ্রয় নেন। পরে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের ঘনিষ্ঠ শহিদুল প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন। এতদিন পেশিশক্তির জোরে তিনি অভিযোগকারীদের কণ্ঠস্বর স্তব্ধ করে রাখলেও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ বুধবার প্রকাশ্যে আসে। বর্তমানে পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি থাকলেও বড় ধরনের সহিংসতা এড়াতে পুলিশি টহল জারি রয়েছে।