মেগা প্রকল্পের ছোঁয়ায় বদলে যাচ্ছে বাংলার জলপথ, গঙ্গাসাগর কি এবার বিশ্বমঞ্চে?

নবান্নে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও রাজ্যের প্রতিনিধিদের উচ্চপর্যায়ের বৈঠকের পর পশ্চিমবঙ্গের জলপথ ও উপকূলীয় পরিকাঠামোয় বড় পরিবর্তনের সূচনা হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের ‘সাগরমালা ২’ প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ। এই মেগা প্রকল্পের আওতায় রাজ্যের শিপিং, লজিস্টিকস ও আমদানি-রফতানি বাণিজ্যের অবকাঠামো গড়ে তুলতে আগামী পাঁচ বছরের জন্য ২২ হাজার ৭০০ কোটি টাকার একটি বিশাল প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। পাশাপাশি, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কলকাতার ঐতিহ্যবাহী জলপথের আধুনিকীকরণে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করবে।

এই মহাপরিকল্পনার অধীনে সাগর, কাকদ্বীপ, নামখানা, নয়াচর ও খেজুরি থেকে ওড়িশা সীমান্ত পর্যন্ত উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও আধুনিক মাছ ধরার পরিকাঠামো তৈরি করা হবে। যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে কলকাতায় দেশের ১৮তম ‘ওয়াটার মেট্রো’ প্রকল্প চালু হতে চলেছে। এর পাশাপাশি শহর ও শহরতলির নদী যোগাযোগের সুবিধার্থে ৪৪টি নতুন জেটি নির্মানের অনুমোদন দেওয়া হয়েছে এবং বাগবাজারসহ কলকাতার একাধিক ঐতিহাসিক ঘাটের সৌন্দর্যায়নের কাজ আসন্ন শারদীয় উৎসবের আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে একটি আধুনিক মিউজিয়াম স্থাপন এবং ওড়িশা বা উত্তরাখণ্ডের ধাঁচে রাজ্যে ‘মাইনর পোর্ট’ বা ছোট বন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে কর্মসংস্থান ও বাণিজ্যিক গুরুত্ব বহুগুণ বৃদ্ধি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *