অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করুন আজই, তিন মাসের মধ্যেই শেষ সুযোগ!
মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে রাজ্য সরকারের চালু করা ‘অন্নপূর্ণা যোজনা’র আওতায় ইতিমধ্যে ২৮ লক্ষেরও বেশি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া বর্তমানে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই চলমান রয়েছে। আবেদনের স্থিতি যাচাইয়ে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার ডিজিটাল ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে আবেদনকারীরা সরকারি পোর্টাল (https://socialregistry.wb.gov.in/)-এ ‘ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস’ অপশনে গিয়ে নিজেদের বর্তমান অবস্থা জানতে পারছেন। অ্যাপ্লিকেশন আইডি বা নথিভুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে আবেদনকারীরা তাদের ফর্ম অনুমোদিত হয়েছে কি না তা সহজেই যাচাই করতে পারছেন এবং ফর্ম বাতিল হলে তার কারণও সেখানে উল্লেখ থাকছে।
প্রকল্পে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন ও স্বচ্ছতা নিশ্চিতে রাজ্য সরকার অত্যন্ত কঠোর তথ্য যাচাইয়ের প্রক্রিয়া অনুসরণ করছে। নতুন আবেদনকারীদের পরিবারের প্রধান ও সদস্যদের ব্যক্তিগত বিবরণ, রেশন কার্ড, আয়কর ও জিএসটি সংক্রান্ত তথ্য, স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্যায়ন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং সরকারি চাকরিরত বা রাজনৈতিক পদাধিকারী কি না—এমন বিস্তারিত তথ্য প্রদান করতে হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। সঠিক তথ্যসহ নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন না করলে যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে জানানো হয়েছে।