মালদায় বিচারক আটক ও হিংসার ঘটনা: এনআইএ-র জালে আরও দুই অভিযুক্ত!
পশ্চিমবঙ্গের মালদায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) কর্মসূচি চলাকালীন হিংসা ও বিচারকদের আটকে রাখার ঘটনায় তদন্তের গতি বাড়িয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৌলানা ইমরান আলি এবং রিঙ্কু শেখ নামে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। মালদার এই ঘটনায় এর আগে থেকেই ৩৫ জন অভিযুক্ত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
গত এপ্রিল মাসে এসআইআর কর্মসূচির সময় জাতীয় সড়ক অবরোধ, বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে রাখা এবং পুলিশ কর্মীদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ তদন্ত চালাচ্ছে। এনআইএ জানিয়েছে, ধৃতরা কেবল ওই দিনের বেআইনি জমায়েতেই অংশ নেয়নি, বরং প্রশাসনিক কাজে বাধা ও জনমনে আতঙ্ক সৃষ্টিতে সক্রিয় ভূমিকা নিয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১২টি মামলা রুজু করেছে এনআইএ এবং এর মধ্যে চারটি মামলার চার্জশিটও জমা দেওয়া হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।