আসন পুনর্বিন্যাসের খাঁড়ায় শিলিগুড়ি হারানোর ভয়ে মমতা!
ডিলিমিটেশন বিলের মাধ্যমে উত্তরবঙ্গ বিভাজনের চক্রান্ত করছে কেন্দ্র, অভিযোগ মমতার
লোকসভায় আসন পুনর্বিন্যাস বা ‘ডিলিমিটেশন বিল’ পেশের পর কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের ঘোকসাডাঙ্গায় এক নির্বাচনী জনসভায় তিনি অভিযোগ করেন, মহিলা সংরক্ষণ বিলের আড়ালে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে মোদি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে দেশভাগের চক্রান্ত চলছে, যার জেরে কোচবিহারসহ উত্তরবঙ্গের একাধিক জেলা মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।
তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, লোকসভায় আসন সংখ্যা ৫৪১ থেকে বাড়িয়ে ৮৫০-র কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা মূলত রাজনৈতিক আধিপত্য বিস্তারের ছক। ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের মতে, ২০১১ সালের জনগণনার তথ্যের ভিত্তিতে ডিলিমিটেশন করলে ভোটারদের ভোটাধিকার খর্ব হওয়ার পাশাপাশি এনআরসি-র ধাঁচে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সুযোগ তৈরি হবে। মূলত রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং অঞ্চলভিত্তিক বিভাজনের লক্ষ্যেই বিজেপি এই বিল কার্যকর করতে মরিয়া বলে তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন।