দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিধায়কদের এবার কঠিন শাস্তির হুঁশিয়ারি বিজেপির!

হাওড়া জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী বিধায়কদের নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির মধ্যেই কড়া বার্তা দিল বিজেপি নেতৃত্ব। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাসক দলের একাধিক বিধায়কের বিদ্রোহী শিবিরে যোগদানের পর রাজ্যের এই প্রান্তের রাজনৈতিক সমীকরণ বদলেছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি, দীর্ঘদিনের দুর্নীতি ও অত্যাচারের অভিযোগ থেকে বাঁচতে বিদ্রোহী তকমা ব্যবহার করে ‘বাল্মীকি’ হওয়ার কোনো সুযোগ এই বিধায়কদের দেওয়া হবে না।

ভোটের ফল প্রকাশের পর থেকে হাওড়ার বাগনান, পাঁচলা, উদয়নারায়ণপুর, ডোমজুড় ও সাঁকরাইল কেন্দ্রের বিধায়কদের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল এবং হামলার গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য, ভোটের আগে সাধারণ মানুষ ও বিরোধী কর্মীদের ওপর করা অত্যাচারের দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে দিয়ে এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া জারি থাকবে বলেও জানিয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় নেতৃত্বের ওপর ক্ষোভ ও নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদ থেকেই এই বিদ্রোহের সূত্রপাত। তবে বিজেপির এই কঠোর অবস্থানের ফলে হাওড়ার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের জন্য পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *