বিজেপি ছাড়লেন কে আন্নামালাই, দক্ষিণ ভারতের রাজনীতিতে বড় ধাক্কা!
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক এক মাস পর ব্যক্তিগত সিদ্ধান্তে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করেছেন দলের রাজ্য সভাপতি ও প্রাক্তন আইপিএস কর্মকর্তা কে আন্নামালাই। শুক্রবার দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে তাকে দলে ধরে রাখার চেষ্টা করা হলেও আন্নামালাই নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তামিলনাড়ুতে বিজেপির প্রধান মুখ হিসেবে পরিচিত আন্নামালাইয়ের এই প্রস্থান দক্ষিণ ভারতের রাজনীতিতে পদ্ম শিবিরের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচনে বিজেপির চরম বিপর্যয় এবং অভ্যন্তরীণ মতভেদকেই এই পদত্যাগের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সদ্যসমাপ্ত নির্বাচনে দলটি মাত্র একটি আসনে জয় পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এআইএডিএমকে-র (AIADMK) সঙ্গে পুনরায় জোট গঠন নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের সঙ্গে আন্নামালাইয়ের মতপার্থক্য তৈরি হয়, কারণ তিনি তামিলনাড়ুতে বিজেপির স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখার পক্ষে ছিলেন। এছাড়া, নির্বাচনের আগে গুরুত্বহীন করে রাখা এবং প্রত্যাশিত রাজনৈতিক অবস্থান না পাওয়ায় তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। পদত্যাগের পর আন্নামালাই নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন, যা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি করেছে।