সুটকেসে মিলল কঙ্কাল, নৃশংস হত্যাকাণ্ডে গ্রেপ্তার দম্পতি!

উত্তরপ্রদেশের হাপুরের এক কৃষিজমি থেকে সুঁটকেসবন্দি অবস্থায় এক তরুণীর কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পর পুলিশ অভিযুক্ত অংকিত ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। ধৃত দম্পতি জেরায় পুলিশের কাছে নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে।

তদন্তে জানা গেছে, ধৃত দম্পতি ঝাড়খণ্ড থেকে তরুণীদের এনে বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ জোগাড় করে দিত। ওই তরুণীও তাদের মাধ্যমেই কাজে যুক্ত হয়েছিলেন। অংকিত অস্ত্রের মুখে তরুণীকে ধর্ষণ করে ঘটনার ভিডিও ধারণ করে রাখে। তরুণীটি পুলিশের কাছে অভিযোগ জানানোর হুমকি দিলে, অংকিত ও তার স্ত্রী মিলে তাকে লাঠিপেটা করে হত্যা করে। এরপর অপরাধের প্রমাণ লোপাট করতে মৃতদেহটি সুঁটকেসে ভরে হাপুরের নির্জন জমিতে ফেলে দিয়ে আসে তারা।

গত ১ ডিসেম্বর এক কৃষক প্রথমে সুঁটকেসটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দেহটি কঙ্কালে পরিণত হওয়ায় তা শনাক্ত করা কঠিন ছিল। পরবর্তীতে দিল্লির এক ব্যবসায়ীর বাড়িতে কর্মরত অন্য এক পরিচারিকার মাধ্যমে এই হত্যাকাণ্ডের তথ্য সামনে আসে। ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে। হাপুরের সহকারী পুলিশ সুপার বিনীত ভাটনগর জানিয়েছেন, কারিগরি প্রমাণ ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমেই এই মামলার রহস্য সমাধান করা সম্ভব হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *