লোকসভার আসন সংখ্যা বাড়াতেই হবে, জোরালো দাবি শমীকের!
দেশে লোকসভার আসন সংখ্যা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন এখন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বঙ্গ বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। শুক্রবার দিল্লিতে তিনি দাবি করেন, ১৪০ কোটি জনসংখ্যার দেশে বিদ্যমান ৫৪৩টি আসন অপর্যাপ্ত। প্রতিটি লোকসভা কেন্দ্রে বর্তমানে ১৮ থেকে ২০ লক্ষ ভোটার থাকায় জনপ্রতিনিধিদের পক্ষে সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ ও জনগণের কাছে পৌঁছাতে আসন সংখ্যা বৃদ্ধি করা অনিবার্য বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ বিষয়ে বিজেপি সরকার বিল পাস করার ব্যাপারে বদ্ধপরিকর এবং অদূর ভবিষ্যতে তা সর্বসম্মতিতেই সংসদে গৃহীত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
অন্যদিকে, আসন পুনর্বিন্যাসের পাশাপাশি শমীক ভট্টাচার্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। বাংলাদেশের এক হত্যাকাণ্ডের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মমতার মন্তব্যকে তিনি ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন। তার দাবি, এই ধরনের মন্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অসুরক্ষিত বোধ করছেন। এই ধরনের বক্তব্যের জেরেই পশ্চিমবঙ্গের জনতা তৃণমূলের ওপর আস্থা হারিয়েছে এবং আগামী দিনে দলটিকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।