সরকারি প্রকল্পের টাকা নয়ছয়, ঝাড়গ্রামে পঞ্চায়েত সেক্রেটারিকে ঘিরে ধুন্ধুমার!
ঝাড়গ্রামের বিনপুর-১ ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতে সরকারি প্রকল্পের অনিয়মের অভিযোগে স্থানীয় বাসিন্দারা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শৌচালয় নির্মাণ, কমিউনিটি হল এবং পানীয় জলের পাম্প বসানোর মতো প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গ্রামবাসীরা পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করেন। এ সময় পঞ্চায়েত সেক্রেটারি মদনমোহন মুদিকে ঘিরে ধরে স্বচ্ছতার দাবি জানান তারা। প্রকল্পের হিসাব সংক্রান্ত বিষয়ে সেক্রেটারি সদুত্তর দিতে ব্যর্থ হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্ষোভের এক পর্যায়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত সেক্রেটারিকে কার্যালয় থেকে বের করে এনে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে বিনপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে। ঘটনার প্রেক্ষিতে বিনপুর-১ ব্লকের বিডিও বিদ্যুৎকুমার মাঝি জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।